আন্তর্জাতিকইন্ডিয়া

শিক্ষামন্ত্রীর পদত্যাগে মোদি সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আন্তর্জাতিক ডেস্ক: প্রশ্নফাঁস ও পরীক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মোদি সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সরকারের সঙ্গে তৃতীয় দফা বৈঠক শেষে সংগঠনটি জানায়, এ দাবির বিষয়ে তারা কোনো আপস করবে না।

শুক্রবার (২৪ জুলাই) নয়াদিল্লির ভিঠলভাই প্যাটেল হাউসে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে সিজেপির তৃতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের পক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং অংশ নেন। অন্যদিকে সিজেপির প্রতিনিধিদলে ছিলেন দলের জাতীয় মুখপাত্র সৌরভ দাসসহ দুই প্রতিনিধি।

বৈঠক শেষে সিজেপি জানায়, আন্দোলনে নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহারের বিষয়ে সরকার নীতিগত সম্মতি দিয়েছে। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণের দাবিতে সংগঠনটির অবস্থান অপরিবর্তিত রয়েছে।

সিজেপির জাতীয় মুখপাত্র সৌরভ দাস বলেন, নিহতদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে তারা আপসহীন দাবি হিসেবে বিবেচনা করছেন। এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে সরকারকে শনিবার দুপুর ২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সরকারের অনুরোধে শনিবার পর্যন্ত যন্তর মন্তরে চলমান অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখতে সিজেপি সম্মত হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সিজেপির আরেক মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, সরকার দাবি না মানলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে।

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা জানিয়েছেন, চলমান সংকটের সমাধান খুঁজতে শনিবার সিজেপির প্রতিনিধিদের সঙ্গে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া এ আন্দোলন ইতোমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। পরীক্ষা ব্যবস্থায় সংস্কার এবং জবাবদিহি নিশ্চিতের দাবিতে শিক্ষার্থী ও তরুণদের এ আন্দোলন কেন্দ্রীয় সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button