বাংলাদেশ

বড়াইগ্রামে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় টিকটকার তরুণী নিহত

বাংলা টিভি ডেস্ক: নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ সুতিরপাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় আফরিন জাহান নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে সক্রিয় ছিলেন বলে জানা গেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শেষরাতে গুরুদাসপুর উপজেলার দুই যুবকের সঙ্গে মোটরসাইকেলে বনপাড়ার দিকে যাওয়ার সময় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই আফরিন জাহানের মৃত্যু হয়।

দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বটতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে মেহেদী হাসান এবং একই এলাকার জলিলের ছেলে পলক গুরুতর আহত হয়েছেন। তাদের নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিকটকের মাধ্যমে ওই দুই যুবকের সঙ্গে আফরিন জাহানের পরিচয় হয়েছিল। পরে মেসেঞ্জারে যোগাযোগের ভিত্তিতে তারা একসঙ্গে দেখা করেন। তবে আহত দুই যুবক নিহত তরুণীর স্থায়ী ঠিকানা বা পরিবারের সদস্যদের সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

নিহতের টিকটক অ্যাকাউন্টে ‘আফরিন জাহান’ নাম ব্যবহার করা হলেও এখন পর্যন্ত তার পূর্ণ পরিচয় কিংবা স্বজনদের সন্ধান মেলেনি।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী নিহতের পরিচয় নিশ্চিত করা, পরিবারের সদস্যদের খুঁজে বের করা এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button