নিজামীপুত্রের নামাজ পড়ানোকে কেন্দ্র করে মসজিদের ভেতরেই হট্টগোল-মারামারি

বাংলা টিভি ডেস্ক: পাবনার সাঁথিয়া পৌর এলাকার একটি মসজিদে সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজের আগে আফতাবনগর বাজার জামে মসজিদের ভেতরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ওই মসজিদে জুমার নামাজের ইমামতি করতে গেলে খুতবার সময় কয়েকজন আপত্তি জানান। পরে বিষয়টি নিয়ে মসজিদের ভেতরেই জামায়াত-শিবির সমর্থক এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে এবং পরে মসজিদের নিয়মিত ইমামের নেতৃত্বে জুমার নামাজ সম্পন্ন হয়।
ঘটনার পর দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করেছে এবং হামলা চালিয়েছে। অন্যদিকে বিএনপির স্থানীয় নেতারা অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রভাব দেখিয়ে এমপি মসজিদে ইমামতি করতে চেয়েছেন।
জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতা ফারুক হোসেন অভিযোগ করেন, এমপির সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন।
অন্যদিকে সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি মো. করিম বলেন, এমপি মসজিদে এসে ইমামের কাছ থেকে মাইক্রোফোন নিয়ে বক্তব্য দেন এবং পরে নিজে খুতবা ও নামাজ পড়ানোর ঘোষণা দিলে স্থানীয়রা আপত্তি জানান। তার দাবি, এরপর উত্তেজনা তৈরি হয়।
ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, তিনি নিজের ইচ্ছায় নয়, স্থানীয় মুসল্লিদের অনুরোধে সেখানে গিয়েছিলেন। তার অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, সম্ভাব্য উত্তেজনার আশঙ্কায় আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। মসজিদের ভেতরে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



