পেয়ারা খাওয়ার প্রলোভন দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ

গাইবান্ধা প্রতিনিধি: পেয়ারা খাওয়ার প্রলোভন দেখিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী জিহাদ মন্ডল (২০) নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত জিহাদ মন্ডল পলাতক রয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বাংলা টিভিকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক।
জানা যায়, খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শিশুটি বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মামলার এজাহার ও পুলিশ জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া গজিয়াপাড়া গ্রামের মুছা মন্ডলের ছেলে জিহাদ মন্ডল বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশীর ৪ বছরের শিশুকে পেয়ারা দেওয়ার কথা বলে নিজ ঘরে ডেকে নেয়। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়। এদিকে স্বজনরা শিশুটিকে খোঁজাখুঁজির একপর্যায়ে জিহাদের ঘর থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে।
খবর পেয়ে রাতেই গোবিন্দগঞ্জ থানার এসআই আহসান হাবীবের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



