রাষ্ট্রীয় সফরে মালদ্বীপে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চার দিনের সরকারি সফরে মালদ্বীপে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শনিবার (২৫ জুলাই) রাজধানী মালেতে পৌঁছানোর পর থেকেই দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, জনশক্তি, শিক্ষা, পর্যটন, সামুদ্রিক নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে উচ্চপর্যায়ের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। কূটনৈতিক মহল এই সফরকে দুই দেশের সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ শেষে মালদ্বীপ সফরে আসেন ড. খলিলুর রহমান।
এর আগে তিনি নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতির দায়িত্ব গ্রহণের প্রস্তুতি-সংক্রান্ত একাধিক বৈঠকেও অংশ নেন। এই তিন দেশ সফরকে বাংলাদেশের চলমান কূটনৈতিক তৎপরতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সফরকালে তিনি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী এবং দেশটির সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয় গুরুত্ব পাবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
এছাড়া রোববার (২৬ জুলাই) মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠান ও আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ উপলক্ষে মালদ্বীপে অবস্থানরত বিভিন্ন দেশের প্রতিনিধিদলের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।
বিশ্লেষকদের মতে, বর্তমানে মালদ্বীপে এক লক্ষাধিক বাংলাদেশি কর্মরত রয়েছেন। ফলে শ্রমবাজার সম্প্রসারণ, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, নিরাপদ অভিবাসন এবং বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি—এসব বিষয় সফরের আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে। একই সঙ্গে জাতিসংঘ, সার্ক, বিমসটেক এবং অন্যান্য বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশ ও মালদ্বীপের সমন্বিত অবস্থান আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হতে পারে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল্লাহ খলিল বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. খলিলুর রহমানকে মালদ্বীপ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণের ধারাবাহিকতায় এই সফর অনুষ্ঠিত হচ্ছে। যা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক পর্যায়ে উন্নীত করবে বলে আশা করা হচ্ছে।



