আন্তর্জাতিকইন্ডিয়া

ভারতে ৬৫০ বছরের পুরোনো আদিনা মসজিদে ‘শিবলিঙ্গ’ বসানোর ঘোষণা!

বাংলা টিভি ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে প্রায় ৬৫০ বছরের পুরোনো আদিনা মসজিদকে মন্দির হিসেবে দাবি করেছে হিন্দু ডানপন্থি সংগঠন ‘আদিনাথ পুরাতন শিব মন্দির’। সংগঠনটির সদস্যরা ইতোমধ্যে মসজিদসংলগ্ন এলাকায় পূজা-অর্চনা শুরু করেছেন। পাশাপাশি আগামী সোমবার (২৭ জুলাই) মসজিদের বাইরে একটি বড় শিবলিঙ্গ স্থাপনের ঘোষণাও দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রাজ্যসভার সদস্য ও রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য সংসদে বিষয়টি উত্থাপন করেন। তিনি দাবি করেন, ১৩৭৩ সালে বাংলার সুলতান সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণের সময় পূর্বে বিদ্যমান হিন্দু ও বৌদ্ধ স্থাপনার উপকরণ ব্যবহার করেছিলেন। তার ভাষ্য, স্থানীয় জনশ্রুতি ও কিছু ঐতিহাসিক বিবরণে ওই স্থানে আগে শিব ও বিষ্ণুকে উৎসর্গ করা আদিনাথ মন্দিরের অস্তিত্বের উল্লেখ রয়েছে। এছাড়া মসজিদের ভেতরে থাকা কিছু স্থাপত্য উপাদানও সেই দাবির পক্ষে ইঙ্গিত দেয় বলে তিনি মন্তব্য করেন।

‘আদিনাথ পুরাতন শিব মন্দির’ সংগঠনের দাবি, মসজিদটিতে শিবলিঙ্গসহ বিভিন্ন হিন্দু ও বৌদ্ধ প্রতীক রয়েছে। এ বিষয়ে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই)-এর প্রতিবেদন চেয়ে শিগগিরই কলকাতা হাইকোর্টে আবেদন করার পরিকল্পনার কথাও জানিয়েছে সংগঠনটি।

অন্যদিকে, ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই-এম) রাজ্য সম্পাদক ও পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম এ ঘটনাকে বিজেপির রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে উল্লেখ করেছেন। তার অভিযোগ, বিজেপি ও আরএসএস সুযোগ পেলেই ধর্মীয় ইস্যুকে সামনে এনে বিভাজন ও সংঘাত সৃষ্টির চেষ্টা করে এবং আদিনা মসজিদকে ঘিরে সাম্প্রতিক ঘটনাও তারই একটি উদাহরণ।

সংশ্লিষ্ট খবর

Back to top button