আন্তর্জাতিক

জার্মানিতে সমকামীদের মিছিলে গাড়ি তুলে দিলেন এক ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের প্রাইড প্যারেডে একটি গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় অন্তত একজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি প্রাইড প্যারেডে অংশ নেওয়া মানুষের ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেন। ঘটনার পর চালক দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে গেলেও পরে সেটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

জার্মান সংবাদমাধ্যম বার্লিনার জাইটুং-এর সাংবাদিক ইভা ব্রাউনগার্ট বিবিসিকে জানান, হামলার কিছুক্ষণ আগে তিনি ঘটনাস্থলে ছিলেন। পরে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, একটি গাড়ি উচ্চগতিতে মানুষের ওপর উঠে যায়। এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রাণ বাঁচাতে অংশগ্রহণকারীরা দিকবিদিক ছুটতে শুরু করেন।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টার দিকে তিয়ারগার্টেন পার্কের আহোরেনস্টাইগ সড়কে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত এক বা একাধিক সন্দেহভাজনকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হামলার পর নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে ফেলে পুলিশ এবং সাধারণ মানুষকে ঘটনাস্থল এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নির্ধারিত প্রাইড প্যারেডের বাকি কর্মসূচিও বাতিল করা হয়েছে।

সূত্র: বিবিসি।

সংশ্লিষ্ট খবর

Back to top button