কৃষকের বেশে গিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করলেন এএসআই

বাংলা টিভি ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতারে অভিনব কৌশল অবলম্বন করেছে পুলিশ। পুলিশের পোশাক এড়িয়ে কৃষকের বেশ ধরে ফসলের মাঠে গিয়ে ওই আসামিকে আটক করেন এক সহকারী উপপরিদর্শক (এএসআই)।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় নাচোল থানার এএসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতার সুশীল (পুলিশের নথি অনুযায়ী পূর্ণ নাম) নাচোল উপজেলার রাজবাড়ী হাট টাওয়ারপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম দায়রা জজ আদালত-২ প্রায় তিন মাস আগে সুশীলকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের জন্য পুলিশ একাধিকবার অভিযান চালালেও তিনি কৌশলে পালিয়ে যাচ্ছিলেন।
এএসআই ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, সুশীল নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাওতা গ্রামের একটি ফসলি মাঠে কৃষিকাজ করছেন। এরপর তিনি পুলিশের পোশাক পরিবর্তন করে লুঙ্গি পরে ও খালি গায়ে কৃষকের ছদ্মবেশে মাঠে প্রবেশ করেন। অন্য পুলিশ সদস্যদের কাছাকাছি একটি বাজারে অবস্থান করতে বলেন।
ফরহাদ হোসেন জানান, কাছে যেতেই সুশীল তাকে চিনতে পেরে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



