Uncategorized

প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় পরিবারের ৫ জন মিলে মেরে ফেলল তরুণীকে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে ভিন্ন জাতের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে ২০ বছর বয়সী এক শিক্ষার্থীকে পরিবারের সদস্যরা হত্যা করেছেন—এমন অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, হত্যার পর প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে গভীর রাতে তড়িঘড়ি করে তার শেষকৃত্যও সম্পন্ন করা হয়। এ ঘটনায় পরিবারের পাঁচ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত হিমানশি চৌধুরী আলিগড়ের গোন্ডা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বিএ-এলএলবি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানিয়েছে, হিমানশির প্রেমিক হর্ষিত বর্ষ্ণেয়ের অভিযোগের ভিত্তিতে পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, প্রমাণ নষ্ট এবং সংঘবদ্ধ অপরাধের অভিযোগে মামলা করা হয়েছে।

আলিগড়ের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) নীরজ জাদৌন জানান, অভিযোগের গুরুত্ব বিবেচনায় তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় হিমানশির মা, দুই ভাই ও দুই মামাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মামলার অভিযোগে হর্ষিত জানান, তিনি গোন্ডা এলাকার বাসিন্দা এবং একটি মেডিকেল স্টোর পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে হিমানশির সঙ্গে তার সম্পর্ক ছিল। তবে ভিন্ন জাতের হওয়ায় হিমানশির পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

হর্ষিতের দাবি, বিয়ের ইচ্ছার কথা জানালে হিমানশির ওপর পরিবারের সদস্যরা নির্যাতন করতেন। তিনি বলেন, হিমানশি বিএ-এলএলবির শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং তারা শিগগিরই বিয়ে করতে চেয়েছিলেন।

অভিযোগ অনুযায়ী, গত ১৫ মার্চ পারিবারিক নির্যাতনের কারণে হিমানশি হর্ষিতের মেডিকেল স্টোরে আশ্রয় নেন। পরে তার দুই স্বজন সেখানে গিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। পুরো ঘটনা দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলেও দাবি করা হয়েছে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হর্ষিত, হিমানশি ও তার পরিবারের সদস্যদের থানায় নিয়ে যায়। লিখিত অঙ্গীকার নেওয়ার পর হিমানশিকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

হর্ষিত আরও অভিযোগ করেন, হিমানশি তাকে জানিয়েছিলেন, সম্পর্ক অব্যাহত রাখলে তাকে এবং হর্ষিতকে ক্ষতি করা হতে পারে। তার অভিযোগ, গত ২৩ জুলাই রাতে পরিবারের সদস্যরা হিমানশিকে হত্যা করেন এবং পরে বিষয়টি গোপন করতে দ্রুত শেষকৃত্য সম্পন্ন করেন।

এসএসপি নীরজ জাদৌন বলেন, অভিযোগগুলো গুরুতর হওয়ায় মামলা করে তদন্ত শুরু হয়েছে। তদন্তে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button