বাংলাদেশঅপরাধআইন-বিচার

‘ক্রসফায়ারে’ একরাম হত্যা, হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল

বাংলা টিভি ডেস্ক: ২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের সময় কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে প্রসিকিউশন। প্রতিবেদনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালে দেশজুড়ে মাদকবিরোধী অভিযান চলাকালে একই বছরের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের নোয়াখালীপাড়া এলাকায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন একরামুল হক। তিনি টেকনাফ পৌরসভার তিনবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন।

ঘটনার পর একরামুল হকের স্ত্রী আয়েশা বেগম অভিযোগ করেন, এটি কোনো বন্দুকযুদ্ধ নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানান।

২০১৮ সালের ৩১ মে কক্সবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়েশা বেগম কথিত বন্দুকযুদ্ধের সময় মোবাইলে ধারণ করা কিছু অডিও রেকর্ড গণমাধ্যমের সামনে উপস্থাপন করেন। তার দাবি, ওই রেকর্ডে গুলির শব্দ ও এক ব্যক্তির আর্তনাদের আওয়াজ শোনা যায়।

এ ঘটনায় দীর্ঘদিন পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হলো। এখন পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলার কার্যক্রম এগিয়ে যাবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button