বাংলাদেশ

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে বর্তমানে সরকারের কাছে গ্রেপ্তারের মতো কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি যেসব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী, সেগুলো তিনি পাবেন এবং প্রয়োজনীয় নিরাপত্তাও নিশ্চিত করা হবে।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর মত প্রকাশ ও প্রতিবাদের অধিকার রয়েছে। তবে সরকার এ মুহূর্তে এমন কোনো অভিযোগ আমলে নেওয়ার প্রয়োজন দেখছে না।

তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে মো. সাহাবুদ্দিন সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের সময়েও তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন এবং সরকার তার সহযোগিতা পেয়েছে।

রাষ্ট্রপতির সাংবিধানিক দায়মুক্তির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, দায়িত্বে থাকা অবস্থায় সংবিধান অনুযায়ী তিনি দায়মুক্তি ভোগ করেছেন। তবে দায়িত্বের বাইরে সংঘটিত কোনো ঘটনার বিষয়ে অভিযোগ থাকলে তা প্রচলিত আইন অনুযায়ী নিষ্পত্তি হবে।

সাবেক রাষ্ট্রপতির কথিত ফোনালাপের অডিও প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তিনি সংবাদমাধ্যমে দেখেছেন। তবে সরকারের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। তিনি মন্তব্য করেন, বর্তমান প্রযুক্তির যুগে কারও সঙ্গে কথা বলার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হয় না।

নিরাপত্তার বিষয়ে তিনি জানান, আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। এসএসএফ ও পিজিআরের নিরাপত্তা ছয় মাস পর্যন্ত বহাল থাকবে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য সংস্থাও প্রয়োজনীয় নিরাপত্তা দেবে।

এলডিপির এক নেতার ‘তিন রাজনৈতিক দল এক হলে সরকার এক সপ্তাহও টিকবে না’—এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এক সপ্তাহ পরে কী হয় দেখা যাবে। সব বিষয়ে মন্তব্য করার মতো যোগ্যতা তার নেই।’

সিলেট সীমান্তে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় চোরাচালানের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সরকারের কাছে এ ধরনের কোনো অভিযোগ নেই। অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করা হবে।

সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রার দিন মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে আইইডিসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে তিনি বলেন, সরকার ঘটনাটিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখছে না। তার ভাষ্য, ওই দিন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছে এবং ঘটনাক্রমে ডিভাইসটি উদ্ধার হয়েছে। এ ঘটনায় দায়িত্বশীল আনসার সদস্যদের পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।

ঢাকার একটি হোটেলে মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক এক কর্মকর্তার অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। বিষয়টি জানতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানান, রেড নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং আদালতের চাওয়া অতিরিক্ত তথ্যও শিগগির পাঠানো হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করা হলেও বর্তমান সরকার সেই সংস্কৃতি থেকে সরে এসে জনসেবামূলক কাজে আইনশৃঙ্খলা বাহিনীকে উৎসাহিত করছে। ভালো কাজের স্বীকৃতি দিলে বাহিনীর সদস্যরা আরও দায়িত্বশীল হয়ে জনগণের সেবায় কাজ করবেন।

অনুষ্ঠানে দুই ট্রাফিক সার্জেন্টের ছিনতাইকারী গ্রেপ্তার এবং এক প্রবাসীর হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে সময়মতো বিমানবন্দরে পৌঁছে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের আর্থিক পুরস্কার ও সনদ দেওয়া হয়।

পুলিশ সপ্তাহে এবার কেন পুলিশ পদক দেওয়া হয়নি—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিক তালিকা তৈরির সময় কিছু ত্রুটি ও অনিয়ম ধরা পড়েছে। যাচাই-বাছাই শেষে সংশোধিত তালিকা অনুযায়ী পদক প্রদান করা হবে। তিনি আরও জানান, এ-সংক্রান্ত ফাইল বর্তমানে তার দপ্তরে রয়েছে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button