আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

১৫ দিনে ২০০ মার্কিন সেনা হত্যার দাবি ইরানের

বাংলা টিভি ডেস্ক: ইরানের সঙ্গে ১৫ দিনের সংঘাতে ২০০ জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটির অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রকৃত হতাহতের তথ্য প্রকাশ করেনি।

ইরানের সংবাদমাধ্যম তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, ‘অপারেশন ভিক্টরি–২’-এর আওতায় ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির মুখে পড়লেও ওয়াশিংটন তা গোপন করছে।

তার দাবি, ওই সংঘাতে ২০০ জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা আরও বেশি। তবে যুক্তরাষ্ট্র প্রকৃত হতাহতের তথ্য প্রকাশ করছে না বলেও অভিযোগ করেন তিনি।

মোহেবি বলেন, যেসব মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সেখানে আন্তর্জাতিক গণমাধ্যমকে প্রবেশের অনুমতি দিলে প্রকৃত পরিস্থিতি সামনে আসবে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ‘অপারেশন ভিক্টরি–২’-এর সময় আটটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তাদের দাবি, একটি ঘাঁটির অন্তত ২০টি স্থাপনা ও বিমান হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হামলায় ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার, ১৭টি গোয়েন্দা ও অপারেশনাল ড্রোন, একটি এফ-১৫ যুদ্ধবিমান, একটি পি-৮ সামুদ্রিক টহল বিমান, একটি সি-১৭ পরিবহন বিমান এবং আটটি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস হয়েছে।

এর আগে পেন্টাগন জানিয়েছিল, সংঘাতে ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। পরে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম সংশোধিত তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা ১৪ জন বলে উল্লেখ করে। যুক্তরাষ্ট্র কয়েকজন নিহত সেনার পরিচয়ও প্রকাশ করেছে।

তবে আইআরজিসির সর্বশেষ দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের দাবি করা হতাহতের সংখ্যা কিংবা সামরিক সরঞ্জাম ধ্বংসের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button