আধুনিক বাংলাদেশের জনক জিয়াউর রহমান: সমাজকল্যাণমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই আধুনিক বাংলাদেশের জনক। রোববার (২৬ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জেটেব আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বল্প সময় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও দেশের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মতে, রাষ্ট্রের এমন কোনো খাত নেই যেখানে জিয়াউর রহমানের অবদান নেই। এ কারণেই তাকে আধুনিক বাংলাদেশের জনক হিসেবে উল্লেখ করা হয়।
তিনি বলেন, দেশে যেন আর কোনো স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি জনগণের অধিকার যাতে কেউ খর্ব করতে না পারে, সে দায়িত্বও সবার। তিনি দাবি করেন, দেশবিরোধী ষড়যন্ত্র এখনো থেমে নেই এবং জনগণের ঐক্যে বিভেদ সৃষ্টির চেষ্টা অব্যাহত রয়েছে।
বিএনপি জনগণের দল উল্লেখ করে তিনি বলেন, দলের অতীত ও বর্তমানের ধারাবাহিকতায় ভবিষ্যতেও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করা হবে। তার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
তিনি আরও জানান, জুলাই-আগস্টে শহীদ, আহত, পঙ্গুত্ববরণকারী এবং গুম বা নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারকে সহায়তা দিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ অধিদপ্তর কাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আলোচনা সভায় তিনি অতীতের বিভিন্ন রাজনৈতিক আন্দোলন, নির্বাচন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভূমিকার কথাও তুলে ধরেন। তার দাবি, দীর্ঘ সময় দেশের মানুষ অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তবে সর্বশেষ জাতীয় নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। জেটেবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ বি এম রুহুল আমীন আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের নেতাকর্মী ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।



