মহিষ বিক্রি নিয়ে কথা–কাটাকাটি, ছেলের টর্চের আঘাতে প্রাণ গেল বাবার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মহিষ বিক্রির টাকা নিয়ে পারিবারিক বিরোধের জেরে বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রাজিব ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
রোববার (২৬ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ইকুড়ি চল্লিশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বানেজ চৌকিদার (৪৫) ওই গ্রামের মৃত আমির চৌকিদারের ছেলে ও স্থানীয় বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বাড়ির একটি মহিষ বিক্রির অর্থ ভাগাভাগি নিয়ে বানেজ চৌকিদারের সঙ্গে তাঁর মেজ ছেলে রাজিবের (২৩) বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রাজিব হাতে থাকা একটি টর্চলাইট দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে বানেজ গুরুতর আহত হন। স্বজনরা দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শুরু করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



