আন্তর্জাতিক

মালদ্বীপকে ২০ হাজার গাছ উপহার দেবে বাংলাদেশ

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন মাত্রা যোগ হলো পরিবেশ ও জলবায়ু সহযোগিতায়। মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটি সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মালদ্বীপ সরকারকে ১০টি গাছের চারা উপহার দেওয়ার পাশাপাশি আরও ২০ হাজার গাছ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

রোববার (২৬ জুলাই) রাজধানী মালের হেনভেইরু এলাকার লোনুজিয়ারাই পার্কে আয়োজিত এক বৃক্ষরোপণ অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। মালদ্বীপের স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে তাঁর সরকারি সফরের কর্মসূচিতে এ অনুষ্ঠান অন্তর্ভুক্ত ছিল।

অনুষ্ঠানে ড. খলিলুর রহমান বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতীক হিসেবে ১০টি চারা মালদ্বীপ সরকারের কাছে হস্তান্তর করেন। একই সঙ্গে তিনি জানান, মালদ্বীপ সরকারের ‘ফাইভ মিলিয়ন ট্রি প্রোগ্রাম’-এ সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ আরও ২০ হাজার গাছ প্রদান করবে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগ দুই দেশের মধ্যে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং পরিবেশমন্ত্রী আলী শরীফ ‘ফাইভ মিলিয়ন ট্রি প্রোগ্রাম’-এর গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ২০২৪ সালের ৫ জুন শুরু হওয়া এই কর্মসূচি দেশের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদি পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দুই মন্ত্রীই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ১০টি চারা উপহার এবং অতিরিক্ত ২০ হাজার গাছ দেওয়ার ঘোষণাকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ-২৮ জলবায়ু সম্মেলনে মালদ্বীপে পাঁচ মিলিয়ন গাছ রোপণের অঙ্গীকার করেন। সরকারি তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় ইতোমধ্যে দেশটিতে ১০ লাখেরও বেশি গাছ রোপণ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button