আন্তর্জাতিক

ভারতকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের

বাংলা টিভি ডেস্ক: কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বক্তব্যকে ‘উস্কানিমূলক’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ উল্লেখ করে বলেছে, সীমান্তে যেকোনো ধরনের আগ্রাসী পদক্ষেপের জবাব দিতে পাকিস্তান প্রস্তুত রয়েছে।

রোববার (২৬ জুলাই) এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতের কোনো দুঃসাহসিক পদক্ষেপকে হালকাভাবে নেওয়া উচিত হবে না। একই সঙ্গে তারা অভিযোগ করে, ভারতের বক্তব্য আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তির জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

এর আগে একই দিনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, পাকিস্তানের সঙ্গে যদি কোনো আলোচনা হয়, তবে তা কেবল আজাদ জম্মু ও কাশ্মীর প্রসঙ্গেই হবে। ভারতের সংবাদমাধ্যমের বরাতে তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের ‘দুঃসাহসিকতার’ জবাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, ভারতের এ ধরনের বক্তব্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোচ্য আন্তর্জাতিক বিরোধ হিসেবে কাশ্মীর প্রশ্নের বাস্তবতাকে অস্বীকার করে। তাদের মতে, এ ধরনের অবস্থান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, কেবল রাজনৈতিক বক্তব্য দিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি বাস্তবতা পরিবর্তন করা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, ভারতের বর্তমান সরকার দেশের অভ্যন্তরীণ সংকট ও রাজনৈতিক পরিস্থিতি থেকে দৃষ্টি সরাতেই এমন কঠোর অবস্থান নিচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর আরও জানায়, দেশটি শান্তিপূর্ণ সংলাপের পক্ষপাতী হলেও সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রশ্নে কোনো আপস করবে না। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি কাশ্মীর সংকটের বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার এবং কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button