কুষ্টিয়ায় ৪৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ও মাদক জব্দ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪৪ লাখ ৮৫ হাজার ৩৯০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় কারেন্ট জাল, মাদক ও পাতার বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৭ জুলাই) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জুলাই সকাল ১০টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বহালবাড়িয়া সড়কে ব্যাটালিয়ন সদরের একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫৯০ কেজি ভারতীয় অবৈধ কারেন্ট জাল, ২৫টি চায়না জাল এবং ২৫ কেজি জালের সুতা জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ৪১ লাখ ৮০ হাজার টাকা।
পরে উদ্ধার করা অবৈধ জালগুলো কুষ্টিয়ার মিরপুর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের উপস্থিতিতে বিধি মোতাবেক পুড়িয়ে ধ্বংস করা হয়।
এদিকে একই দিন ভোর সাড়ে ৪টার দিকে ধর্মদাহ বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার ধর্মদাহ মাঠে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৯৮ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৫ হাজার ৩৯০ টাকা।
কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান দমন, অবৈধ পণ্য পাচার প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



