আন্তর্জাতিকইন্ডিয়া

কিছুতেই বিয়ে হচ্ছে না! অবসাদে মাত্র ৬ মাসে প্রাণ দিলেন ২৯ যুবক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্র রাজ্যের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে আত্মহত্যার ঘটনায় উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। পুলিশের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, এ সময়ে জেলায় মোট ৪৩১ জন আত্মহত্যা করেছেন। এর মধ্যে ২৯ জন পুরুষের ক্ষেত্রে বিয়ে না হওয়া বা বিয়ের প্রক্রিয়া ভেঙে যাওয়াকে একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে প্রস্তুত প্রতিবেদনে বলা হয়েছে, মোট আত্মহত্যাকারীদের মধ্যে ৩৮৩ জন পুরুষ, ২৯ জন নারী, ৮ জন কিশোর এবং ১১ জন কিশোরী। পরিসংখ্যান অনুযায়ী, ওই সময়ে পুরুষদের আত্মহত্যার হার নারীদের তুলনায় অনেক বেশি ছিল।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আত্মহত্যার পেছনে আর্থিক সংকট, পারিবারিক অশান্তি, মানসিক অবসাদ, মাদক বা মদ্যপানের আসক্তি, ঋণের চাপ এবং দীর্ঘমেয়াদি অসুস্থতার মতো নানা কারণ কাজ করেছে। এর পাশাপাশি ২৯ জন পুরুষের ক্ষেত্রে বিয়ে না হওয়া বা বিয়ের আলোচনা ভেঙে যাওয়ার ঘটনাও একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছে।

বিশ্লেষকদের মতে, জলগাঁও জেলায় নারী-পুরুষের জনসংখ্যার অনুপাত তুলনামূলকভাবে অসম। প্রতি এক হাজার পুরুষের বিপরীতে সেখানে প্রায় ৯২৫ জন নারী রয়েছেন, আর শহরাঞ্চলে এই অনুপাত আরও কম। তাদের ধারণা, উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পেতে দীর্ঘ সময় লাগা, সামাজিক চাপ এবং ব্যক্তিগত হতাশা কিছু মানুষের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, আত্মহত্যার পেছনে সাধারণত একাধিক জটিল সামাজিক, অর্থনৈতিক ও মানসিক কারণ একসঙ্গে কাজ করে। তাই শুধু একটি কারণকে দায়ী না করে মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, সামাজিক সহায়তা বৃদ্ধি এবং সংকটে থাকা ব্যক্তিদের জন্য সময়মতো সহযোগিতা নিশ্চিত করাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button