বাংলাদেশ

মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয়

বাংলা টিভি ডেস্ক: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারী কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। তবে নবজাতকের বাবার পরিচয় এখনো জানা যায়নি। প্রশাসন জানিয়েছে, মা ও শিশুর পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সব দায়িত্ব সরকার বহন করবে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার ফুলসূতী ইউনিয়নের ফুলসূতী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন জানায়, ওই নারী দীর্ঘদিন ধরে ফুলসূতী বাজার ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করতেন। স্থানীয় মানুষজন তাকে খাবার ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে আসছিলেন। ঘটনার দিন হঠাৎ তার প্রসববেদনা শুরু হলে বাজারের লোকজন এগিয়ে আসেন। পরে সেখানেই তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত মা ও নবজাতককে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তারা চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আজাদ জানান, মা ও শিশুর শারীরিক অবস্থা ভালো আছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ এবং নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ হাসপাতালে গিয়ে মা ও নবজাতকের খোঁজখবর নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, গ্রাম পুলিশের মাধ্যমে বিষয়টি জানার পর দ্রুত ব্যবস্থা নিয়ে মা ও শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত থাকা, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তার দায়িত্ব প্রশাসন বহন করবে।

তিনি আরও জানান, পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে স্বজনদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button