‘শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে’

বাংলা টিভি ডেস্ক: শাপলা চত্বরে সংঘটিত ঘটনার সুষ্ঠু বিচার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, যে–ই আইন ভঙ্গ করে থাকুক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সরকার এ ঘটনাকে কোনোভাবেই উপেক্ষা করবে না।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছে, সেখানে যেকোনো পক্ষ আইন ভঙ্গ করে থাকলে তার বিচার হওয়া উচিত। তিনি দাবি করেন, সে সময় যেভাবে মানুষকে সেখানে আসতে দেওয়া হয়েছিল এবং পরে সহিংসতা সংঘটিত হয়েছিল, তার সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, অতীতের রাজনৈতিক অবস্থান বিবেচনায় এ ঘটনার বিচার বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ দেখেন না এবং বর্তমান সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।
জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে উপদেষ্টা বলেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীদের কেউ স্নাইপার ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটিয়েছে—এমন বর্ণনাকে তিনি সঠিক মনে করেন না। তার দাবি, সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রাণঘাতী অস্ত্র ছিল এবং এ বিষয়ে বিভিন্ন ছবি ও ভিডিও রয়েছে।
রাষ্ট্রপতির সাংবিধানিক দায়মুক্তি সম্পর্কেও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি জানান, দায়িত্বে থাকা অবস্থায় কোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি কার্যক্রম শুরু করা যায় না। তবে দায়িত্ব শেষ হওয়ার পর প্রয়োজন হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
তিনি বলেন, এটি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে দেওয়া বক্তব্য নয়; বরং সংবিধানের সাধারণ ব্যাখ্যা হিসেবে তিনি বিষয়টি তুলে ধরেছেন। তাঁর মতে, এতে রাষ্ট্রপতির সাংবিধানিক দায়মুক্তি নিয়ে যে বিভ্রান্তি রয়েছে, তা দূর হবে।



