সাকিবকে টপকে এখন শীর্ষে পরীমনি

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি আবারও আলোচনায়। এবার অভিনয় বা ব্যক্তিজীবন নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক মাইলফলক গড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি।
সম্প্রতি ফেসবুকে অনুসারীর সংখ্যায় দেশের সব তারকাকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেছেন পরীমনি। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন তিনি।
সোমবার (২৮ জুলাই) সকালে দুই তারকার ভেরিফায়েড ফেসবুক পেজে দেখা যায়, পরীমনির অনুসারী সংখ্যা ১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী সংখ্যা ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে বর্তমানে দুই তারকার মধ্যে অনুসারীর ব্যবধান প্রায় ১০ লাখ।
গত বছর পর্যন্ত দুজনের অনুসারীর সংখ্যা প্রায় সমান ছিল। পরে কিছু সময়ের জন্য সাকিব এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে দ্রুত অনুসারী বাড়িয়ে শীর্ষস্থান দখল করেন পরীমনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ধরনেও রয়েছে পার্থক্য। সাকিব আল হাসানের ফেসবুক পেজ থেকে মাত্র ছয়টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজ অনুসরণ করা হয়। এর মধ্যে রয়েছেন লিওনেল মেসি, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। এছাড়া রয়েছে সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং ফরচুন বরিশালের অফিসিয়াল পেজ।
অন্যদিকে পরীমনির ফেসবুক পেজ থেকে ১৬১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজ অনুসরণ করা হয়। তার তালিকায় রয়েছেন লিওনেল মেসি, শাকিব খান, শাবনূর, হৃতিক রোশন, বিদ্যা বালান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর, মরগান ফ্রিম্যান, টেইলর সুইফটসহ দেশি-বিদেশি বিনোদন ও ক্রীড়াঙ্গনের বহু তারকা।



