আন্তর্জাতিকইন্ডিয়া

পরীক্ষা সংস্কার কমিটিতে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ কেন, প্রশ্ন প্রিয়াংকা গান্ধীর

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পরীক্ষা সংস্কারবিষয়ক উচ্চপর্যায়ের টাস্কফোর্সে আইআইটি মাদ্রাজের পরিচালক ভি কামাকোটির অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সংসদ সদস্য প্রিয়াংকা গান্ধী। লোকসভায় তিনি বলেন, পরীক্ষা সংস্কারের মতো গুরুত্বপূর্ণ কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা স্পষ্ট নয় এবং তার অতীতের একটি বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ টেনে সমালোচনা করেন।

মঙ্গলবার (২৮ জুলাই) লোকসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ আইনের সংশোধনী বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রিয়াংকা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গঠিত নন্দন নিলেকানির নেতৃত্বাধীন টাস্কফোর্সে সাবেক গোয়েন্দা প্রধান তপন ডেকা, সাবেক ইসরো চেয়ারম্যান এস সোমনাথ, সাবেক শিক্ষা সচিব অনিতা কারওয়াল ও সাবেক বিহার মুখ্যসচিব অমৃত লাল মীনার পাশাপাশি ভি কামাকোটিকেও সদস্য করা হয়েছে। ২০২৫ সালে গোমূত্রের গুণাগুণ নিয়ে দেওয়া তার এক মন্তব্যের প্রসঙ্গ টেনে প্রিয়াংকা তাকে কটাক্ষ করেন।

এ সময় সদ্য নিয়োগ পাওয়া কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীকেও সমালোচনার মুখে ফেলেন তিনি। প্রিয়াংকার বক্তব্যের পর সংসদে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেন, এ ধরনের মন্তব্য চরিত্রহননের শামিল এবং তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান। শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীও প্রিয়াংকার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান।

স্পিকার ওম বিড়লা তথ্য-প্রমাণ ছাড়া এমন মন্তব্য না করার নির্দেশ দিলে প্রিয়াংকা জানান, তিনি তার দাবির সমর্থনে প্রমাণ দেবেন। পরে শিক্ষামন্ত্রীকে নিয়ে করা তার মন্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়।

বিতর্ক চলাকালে প্রিয়াংকা আরও দাবি করেন, ২০২৪ সালে প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ আইন কার্যকর হলেও এখন পর্যন্ত কোনো অপরাধীর শাস্তি হয়নি। তার ভাষ্য অনুযায়ী, গত এক দশকে ১৫২টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রায় সাড়ে সাত কোটি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button