চীন থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: চীন থেকে কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা (ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম বা মানপ্যাডস) পাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে এসব প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান পৌঁছাতে পারে।
সূত্রগুলোর দাবি, প্রথম দফায় প্রায় ৩০০ থেকে ৪০০টি মানপ্যাডস ইরানের হাতে আসতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা জোরদার করতে তেহরান এই পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, এ চুক্তির মূল্য আনুমানিক ৬ থেকে ৭ কোটি মার্কিন ডলার। এর আওতায় চীনের তৈরি কিউডব্লিউ-১২ ও এফএন-১৬ ধরনের স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্রগুলো জানিয়েছে, হংকংভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ঝংচিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট’-এর মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানটি ইরানি কর্মকর্তাদের সঙ্গে চীনের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানের যোগাযোগ স্থাপনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে বলে দাবি করা হয়েছে।
তবে এ বিষয়ে ইরান বা চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।



