জাতীয়

প্রধানমন্ত্রীর জন্য আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো আম পেয়ে উপহার হিসেবে আনারস পাঠিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারস পাঠানো হয়।

একটি পিকআপ ভ্যানে ১০০ কার্টনে মোট ৬২০টি কিউ জাতের আনারস এসেছে বলে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন জানান।

ভারতের সহকারী হাইকমিশন চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তারা আনারস গ্রহণ করেন। পরে তারা সেগুলো ঢাকা হাই কমিশনের কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেন।

স্থলবন্দরের শূন্যরেখায় উপহার সামগ্রী গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনের কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস, সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন ও আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

এ সময় ত্রিপুরা সরকারের পক্ষে উপস্থিত ছিলেন- রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দফতরের সচিব অপূর্ব রায়, পরিচালক ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদফতরের উপদেষ্টা রাজিব ঘোষ ও বিএসএফ কর্মকর্তা।

ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দফতরের সচিব অপূর্ব রায় বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদেরকে আম উপহার দেয়া হয়। আমাদের রাজ্যের পক্ষ থেকে আনারস উপহার দেয়া হলো।

কর্মকর্তারা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দুই অঞ্চলের পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার অংশ হিসেবে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের আনারস পাঠানো হয়েছে। এর আগে বাংলাদেশের পক্ষ থেকে আম পাঠানো হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button