বিয়ের প্রস্তাবের বন্যায় ভাসছেন ককরোচ জনতা পার্টির অভিজিৎ দিপকে

আন্তর্জাতিক ডেস্ক: ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও তরুণ অধিকারকর্মী অভিজিৎ দীপকের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জীবনেও এসেছে নতুন আলোচনা। দেশজুড়ে প্রশ্নপত্র ফাঁসবিরোধী আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠার পর তার জন্য বিয়ের প্রস্তাবের সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছে তার পরিবার।
সম্প্রতি সর্বভারতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনে নেতৃত্ব দিয়ে ব্যাপক পরিচিতি পান ৩০ বছর বয়সী অভিজিৎ। তার এই রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রভাব ব্যক্তিগত জীবনেও পড়েছে বলে জানিয়েছেন তার মা অনিতা দীপক।
ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে অনিতা বলেন, আন্দোলনের আগেও অভিজিতের জন্য বিয়ের প্রস্তাব আসত। তবে সিজেপির নেতৃত্বে জাতীয় পর্যায়ে পরিচিতি পাওয়ার পর সেই প্রস্তাবের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের বোস্টনে পড়াশোনার সময়ও পরিবারের পক্ষ থেকে অভিজিতের বিয়ের বিষয়ে আলোচনা করা হয়েছিল। কিন্তু সে সময় তিনি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি। বিয়ের প্রসঙ্গ উঠলেই হাসি দিয়ে বিষয়টি এড়িয়ে যেতেন বলে জানান তার মা।
অনিতা দীপক বলেন, বাবা-মা হিসেবে তারা চান ছেলে এবার নিজের সংসার শুরু করুক। অভিজিৎ বাড়ি ফিরলে এ বিষয়ে আবারও আলোচনা করবেন তারা। তবে বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত অভিজিতের ওপরই ছেড়ে দেবেন বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের বোস্টনে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে তরুণদের সংগঠিত করেন অভিজিৎ দীপক। শিক্ষা ব্যবস্থার অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে তিনি সারা ভারতে আলোচনায় আসেন।



