আন্তর্জাতিক

ইসলাম গ্রহণে আগ্রহী ব্যক্তিদের জন্য নওমুসলিম কার্ড সেবা চালু

আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম গ্রহণে আগ্রহী ব্যক্তিদের জন্য নতুন ডিজিটাল সেবা চালু করেছে সৌদি আরব। দেশটির ইসলাম, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রণালয় ‘নওমুসলিম কার্ড’ নামে এই সেবা চালু করেছে। এর মাধ্যমে কেউ ইসলাম গ্রহণের ঘোষণা দিলে পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করা যাবে এবং সংশ্লিষ্ট ধাপগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে।

সম্প্রতি মন্ত্রণালয়ের ডিজিটাল ‘নবমুসলিম কার্ড’ সেবা উদ্বোধন করেন ইসলাম, দাওয়াহ ও নির্দেশনামন্ত্রী শায়খ ড. আবদুল লতিফ আল শায়খ। তিনি জানান, সরকারি সেবাগুলোকে আরও আধুনিক ও ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এই কার্ডটি সৌদি সরকারের ‘তাওয়াক্কালনা’ (Tawakkalna) অ্যাপের সঙ্গে যুক্ত করা হয়েছে। আবেদন অনুমোদিত হওয়ার পর ব্যবহারকারী সরাসরি অ্যাপের মাধ্যমে কার্ডটি দেখতে পারবেন।

সৌদি ডেটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটি (SDAIA)-এর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্ডের তথ্য যাচাইয়ের সুবিধাও রাখা হয়েছে। কার্ডে থাকা কিউআর কোড স্ক্যান করে এর সত্যতা এবং এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ইস্যু করা হয়েছে কি না, তা সহজেই যাচাই করা যাবে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের ফলে তথ্য ব্যবস্থাপনা আরও উন্নত হবে। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ, সিদ্ধান্ত প্রণয়ন এবং নির্ভুল পরিসংখ্যান তৈরিতেও এটি সহায়ক ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button