বাংলাদেশ

ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল

বাংলা টিভি ডেস্ক: বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন অনেকেই নিজেদের জুলাইযোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছেন, যদিও আগে তাদের ভূমিকা ভিন্ন ছিল।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে তথ্য ভবনে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত প্রকাশনা মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, যারা সময়ের সঙ্গে নিজেদের অবস্থান বদলেছেন, তাদের অনেকেই বর্তমানে নানা অনিয়মে জড়িয়ে পড়ছেন। তিনি অভিযোগ করেন, সরকার গঠনের পর গত পাঁচ মাসেও সমাজের মৌলিক পরিবর্তন আসেনি। আগের মতোই ঘুষ ও দুর্নীতির চিত্র রয়েছে।

তিনি বলেন, পরিবর্তনের জন্য তারেক রহমান কাজ করে যাচ্ছেন এবং সমাজ পরিবর্তনের এই প্রচেষ্টায় সবাইকে সহযোগিতা করতে হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের সাধারণ মানুষের জীবনমান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত না হওয়া দুঃখজনক। তার দাবি, ক্ষমতায় গেলে অনেকের মধ্যেই ক্ষমতা ধরে রাখার প্রবণতা তৈরি হয়, আর এই ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যেই জুলাই আন্দোলনে তরুণরা আত্মত্যাগ করেছে।

তিনি বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে বাস্তব পরিবর্তনের চেষ্টা না করলে এত মানুষের আত্মত্যাগ ব্যর্থ হবে। বিএনপি দেশের বিদ্যমান সমাজব্যবস্থায় পরিবর্তন আনতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে কেউ যেন ব্যবসা বা ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সংশ্লিষ্ট খবর

Back to top button