প্রশাসককে নিয়ে গভীর রাতে নিজেই গাড়ি চালিয়ে নগর পরিদর্শনে প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিন দেখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে ঢাকা পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত গভীর রাতে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম ও পরিচ্ছন্নতার খোঁজ নেন এবং সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জানা গেছে, গভীর রাতের এই আকস্মিক পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন সড়ক, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাতের অবস্থা, সড়কবাতি, নৈশকালীন যান চলাচল এবং সার্বিক নগরসেবার চিত্র প্রত্যক্ষ করেন। কয়েকটি স্থানে গাড়ি থামিয়ে তিনি মাঠপর্যায়ের সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন এবং তাৎক্ষণিক নির্দেশনা দেন। রাতের বেলা নগর ব্যবস্থাপনা বাস্তবে কীভাবে পরিচালিত হচ্ছে, তা সরাসরি যাচাই করতেই তিনি এই পরিদর্শনে নামেন।
সূত্র জানায়, নগরবাসীর দৈনন্দিন দুর্ভোগ কমাতে এবং সেবার মান বাড়াতে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন। মাঠপর্যায়ের প্রকৃত সমস্যা চিহ্নিত করতেই তিনি নিজে রাতে সরেজমিন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
উল্লেখ্য, এর আগে পবিত্র ঈদুল আজহার রাতেও প্রধানমন্ত্রী একইভাবে রাজধানী পরিদর্শনে বেরিয়েছিলেন। সে সময় নির্দিষ্ট সময়ের মধ্যে কুরবানির পশুর বর্জ্য অপসারণে গাফিলতির অভিযোগে দায়িত্বপ্রাপ্ত দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছিল, যা সেবা প্রদানকারীদের অবহেলা রোধে কঠোর বার্তা দিয়েছিল।



