গ্রাম বাংলাদেশবাংলা

ফেসবুকে প্রেম, ইসলাম গ্রহণ করে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

সুনামগঞ্জ প্রতিনিধি (ডিজিটাল): সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় থেকে ভালোবাসা, আর অবশেষে দুই পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সুনামগঞ্জের ধর্মপাশার মেয়ে নাজমিন আক্তার লিজা ও চীনের যুবক ওয়্যাং সুলিন। ভিনদেশি এই বিয়েকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক কৌতুহল ও আনন্দের সৃষ্টি হয়েছে।

​পারিবারিক সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ভাটগাঁও গ্রামের মো. নাজিম উদ্দিনের মেয়ে নাজমিন আক্তার লিজার সঙ্গে প্রায় দুই মাস আগে ফেসবুকে পরিচয় হয় চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা ওয়্যাং সুলিনের (৩০)। লিজা বর্তমানে মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং তাঁর পরিবার নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের হাসপাতাল রোডের একটি ভাড়া বাসায় বসবাস করছে।

​প্রেমের টানে গত ১৮ জুলাই বাংলাদেশে আসেন ওয়্যাং সুলিন। এরপর ২১ জুলাই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তাঁর নতুন নাম রাখা হয় মো. নুর উদ্দিন। ধর্মান্তরিত হওয়ার পর একই দিনে নোটারি পাবলিকের মাধ্যমে (আইনজীবীর উপস্থিতিতে) তাঁদের বিয়ে সম্পন্ন হয়। পারিবারিক সম্মতিতে শুক্রবার মোহনগঞ্জের বাসাতেই তাদের আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

​লিজার বাবা মো. নাজিম উদ্দিন জানান, “চীনা দূতাবাস এবং ছেলের পরিবারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও তথ্য যাচাই-বাছাইয়ের পরই আমরা এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে জামাই চীনে ফিরে গিয়ে কাগজপত্র তৈরির কাজ শেষ করবেন। পরবর্তীতে লিজাকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”

​এদিকে চীনা জামাই আসার খবর ছড়িয়ে পড়ার পর মোহনগঞ্জ ও ধর্মপাশা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ভিনদেশি নতুন জামাইকে একনজর দেখতে এবং তাঁর সঙ্গে ছবি তুলতে প্রতিদিনই লিজাদের বাসায় ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button