রামমন্দিরের পর বদ্রীনাথ ধামে দানের টাকা চুরি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অযোধ্যার রামমন্দিরে অনুদান আত্মসাতের অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার বদ্রীনাথ ধামে অনুদান ও সামগ্রী ব্যবস্থাপনা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি (বিকেটিসি) তদন্তের নির্দেশ দিয়েছে।
বিকেটিসির সভাপতি হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগগুলোকে গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠনের প্রক্রিয়া চলছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে লিখিত ব্যাখ্যাও চাওয়া হয়েছে।
শুক্রবার ‘ভৈরব সেনা’ নামের একটি সংগঠন বদ্রীনাথ ধামে আর্থিক অনিয়মের অভিযোগ তোলে। পাশাপাশি মন্দির কমিটির সভাপতির ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগেরও সুষ্ঠু তদন্ত দাবি করা হয়।
তবে সভাপতি হেমন্ত দ্বিবেদী সামাজিক মাধ্যমে ছড়ানো একটি দাবি অস্বীকার করে বলেন, অভিযুক্ত ব্যক্তি তার ব্যক্তিগত সচিব নন; তিনি বিকেটিসির একজন স্থায়ী কর্মচারী। তিনি অতীতেও কমিটির তিনজন সভাপতির অধীনে দায়িত্ব পালন করেছেন। দ্বিবেদী জানান, তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সোহান সিং রাঙ্গার জানান, অভিযোগ ওঠার পর মন্দির প্রাঙ্গণের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। তবে ফুটেজটি স্পষ্ট নয়। বিষয়টি সংবেদনশীল হওয়ায় তা কমিটির সভাপতিকে অবহিত করা হয়েছে।
তিনি আরও জানান, সভাপতির নির্দেশে সংশ্লিষ্ট কর্মীদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হচ্ছে এবং একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। তদন্ত শেষে সব তথ্য, প্রমাণ ও জবানবন্দির ভিত্তিতে প্রতিবেদন দাখিল করা হবে।
সিইও আরও সতর্ক করে বলেন, তদন্তে অনিয়ম বা দুর্নীতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ‘বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি আইন, ১৯৩৯’ এবং কর্মচারী আচরণ বিধি অনুযায়ী কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।



