আন্তর্জাতিক

জেদ্দায় প্রদর্শিত হচ্ছে পবিত্র কোরআনের বিরল সংগ্রহ

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের ঐতিহাসিক শহর জেদ্দার আল-বালাদ এলাকায় অবস্থিত রেড সি মিউজিয়ামে (লোহিত সাগর জাদুঘর) পবিত্র কোরআনের বিরল ও ঐতিহাসিক সংস্করণ নিয়ে বিশেষ একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মাধ্যমে লোহিত সাগর হয়ে শতাব্দীর পর শতাব্দী হজযাত্রীদের পবিত্র মক্কা অভিমুখে যাত্রার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হচ্ছে।

জাদুঘরের বিশেষ একটি প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে প্রাচীন কোরআনের পাণ্ডুলিপি, ইসলামি গ্রন্থ, ঐতিহাসিক নথি এবং বিভিন্ন মানচিত্র। এসব মানচিত্র একসময় সমুদ্রপথে হজে আসা মুসল্লিদের যাত্রাপথ নির্দেশনায় ব্যবহৃত হতো।

সংগ্রহে থাকা উল্লেখযোগ্য নিদর্শনের মধ্যে রয়েছে সপ্তদশ শতাব্দীর চীনা কোরআনের পাণ্ডুলিপি, ঊনবিংশ শতাব্দীর কাশ্মীরি সংস্করণ এবং উসমানীয় আমলের ছোট আকারের একটি কোরআনের কপি। এসব পাণ্ডুলিপিতে সোনালি অলংকরণ, নিখুঁত ক্যালিগ্রাফি ও উন্নতমানের বাঁধাই শিল্প সেই সময়ের অসাধারণ কারুশৈলীর সাক্ষ্য বহন করে।

কোরআনের পাণ্ডুলিপির পাশাপাশি প্রদর্শনীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনীভিত্তিক গ্রন্থ, ধর্মীয় স্মারক এবং প্রশংসামূলক কাব্যগ্রন্থও স্থান পেয়েছে। এ ছাড়া প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ১৫০৬ খ্রিস্টাব্দের একটি দুর্লভ পাণ্ডুলিপি, যেখানে মসজিদুল হারাম ও মসজিদে নববীর চিত্র অঙ্কিত রয়েছে। হজের ইতিহাস সংরক্ষণে এই দলিলকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

এই প্রদর্শনীর মাধ্যমে পবিত্র কোরআনের প্রতি বিভিন্ন যুগের মুসলমানদের শ্রদ্ধা, যত্ন ও ভালোবাসার পাশাপাশি ক্যালিগ্রাফি, অলংকরণ এবং বই বাঁধাই শিল্পের বিকাশও দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়েছে। ফলে ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি ইসলামি শিল্প ও সংস্কৃতির সমৃদ্ধ ধারার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

মূলত লোহিত সাগর হয়ে হজযাত্রার ঐতিহাসিক পথ, কোটি কোটি হাজীর আধ্যাত্মিক ভ্রমণ এবং তাদের বিশ্বাস ও ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষণ ও তুলে ধরতেই এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button