খেলার মধ্যে কনডমের বিজ্ঞাপন ‘প্রাপ্তবয়স্কদের বিনোদন’: ভারতীয় এমপি

আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও ইংল্যান্ডের মধ্যকার একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ সম্প্রচারের সময় কনডমের বিজ্ঞাপন দেখানো নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও তৃণমূল কংগ্রেসের লোকসভার সংসদ সদস্য কীর্তি আজাদ। বিষয়টিকে তিনি প্রাপ্তবয়স্কদের উপযোগী বিজ্ঞাপন হিসেবে আখ্যা দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর কাছে বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।
শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য কীর্তি আজাদ লেখেন, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচটি পরিবারসহ শিশু-কিশোররাও সরাসরি দেখছিল। এমন সময়ে সম্প্রচারের মাঝে ডিউরেক্স ব্র্যান্ডের কনডম বিজ্ঞাপন প্রচার হওয়ায় তা অপ্রত্যাশিত ও বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ভারতে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় এবং এটি বহু পরিবার একসঙ্গে উপভোগ করে। তার দাবি অনুযায়ী, ম্যাচ চলাকালে প্রায় ৪৪ কোটি দর্শক টেলিভিশনে যুক্ত ছিলেন। এমন পরিস্থিতিতে ওভারের মধ্যবর্তী বিরতিতে এ ধরনের বিজ্ঞাপন বারবার প্রচার হওয়া উপযুক্ত নয় বলে তিনি মত দেন।
কীর্তি আজাদ তামাক ও মদের বিজ্ঞাপনের ওপর নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলেন—যেখানে এসব বিজ্ঞাপন নিষিদ্ধ, সেখানে প্রাপ্তবয়স্কদের পণ্যের প্রচার কীভাবে অনুমোদন পাচ্ছে। তার মতে, ১৬ বছরের নিচের শিশুদের মানসিক বিকাশে এসব বিজ্ঞাপনের নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং তারা পরিবারে অস্বস্তিকর প্রশ্ন করতে পারে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড যদি এ বিষয়ে দ্রুত ব্যাখ্যা বা ব্যবস্থা না নেয়, তবে তিনি বিষয়টি সংসদে উত্থাপন করবেন।
এ বিষয়ে এখনো বিসিসিআই বা সংশ্লিষ্ট সম্প্রচারকারী সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, ওই ম্যাচে ইংল্যান্ড ৪ উইকেটে জয় লাভ করে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। ভারতের দেওয়া ১৯১ রানের লক্ষ্য তাড়া করে ১৯ ওভারেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা, যেখানে জ্যাকব বেথেল ৪৬ বলে অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলেন।



