আন্তর্জাতিক

যুদ্ধবিমান তৈরিতে একজোট হচ্ছে পাকিস্তান-তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের পঞ্চম প্রজন্মের ‘কান’ যুদ্ধবিমানের প্রযুক্তি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ যৌথভাবে উৎপাদনের লক্ষ্যে একটি বড় প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির দিকে এগোচ্ছে পাকিস্তান ও তুরস্ক। এই উদ্যোগের মাধ্যমে দুই দেশের সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি প্রতিরক্ষা সক্ষমতাও বাড়বে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

পরিকল্পনা অনুযায়ী, ‘কান-পিকে’ সংস্করণের যুদ্ধবিমানের জন্য উন্নত অ্যাভিওনিক্স (বিমান পরিচালনাসংক্রান্ত ইলেকট্রনিক ব্যবস্থা) এবং রাডার প্রযুক্তি যৌথভাবে উন্নয়ন ও উৎপাদন করা হবে। এ বিষয়ে চূড়ান্ত চুক্তি ২০২৬ সালের মধ্যে স্বাক্ষরিত হতে পারে বলে জানা গেছে।

দুই দেশের প্রতিরক্ষা কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ ও আগ্রহের ফলে যৌথ প্রকল্পটির অগ্রগতি আরও দ্রুত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পকে আধুনিকায়ন এবং দেশটির নিজস্ব সামরিক উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যৌথ উৎপাদন ব্যবস্থায় অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হবে। এ ক্ষেত্রে বিমান নির্মাণ ও মহাকাশ প্রযুক্তিতে তুরস্কের অভিজ্ঞতা এবং পাকিস্তানের উৎপাদন সক্ষমতাকে কাজে লাগিয়ে উভয় দেশ প্রতিরক্ষা প্রযুক্তিতে দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে।

সূত্র: টাইম অব ইসলামাবাদ

সংশ্লিষ্ট খবর

Back to top button