হাসপাতাল থেকে দুর্ঘটনার শিকার ব্যক্তির বিচ্ছিন্ন পা গায়েব

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া হাসেম আলী (৬০) নামে এক ব্যক্তির বিচ্ছিন্ন ডান পা খুঁজে না পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।
বুধবার (৮ জুলাই) বিকেলে হাসপাতালের অপারেশন থিয়েটারে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও বিচ্ছিন্ন পাটি পাওয়া যায়নি বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসেম আলীর মৃত্যু হলে বিচ্ছিন্ন ডান পা ছাড়াই মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন স্বজনরা।
গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার আব্দালপুরের শাহপুর নতুন মসজিদ মোড় এলাকায় একটি ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ভ্যানযাত্রী হাসেম আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকের পরামর্শে অপারেশন থিয়েটারে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত হাসেম আলী ইবি থানার আব্দালপুর গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।
আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার স্বপন বলেন, “হাসেম আমার প্রতিবেশী ও চাচাতো ভাই। হাসপাতালের সংশ্লিষ্টদের চরম উদাসীনতার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে আমরা মনে করি। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”
তবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হাসান বলেন, “সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির বিচ্ছিন্ন পা রাতেই রোগীর লোকজনকে বুঝিয়ে দেওয়া হয়ছে। এর কি হয়েছে আমি জানি না। তবে লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”



