ছাত্রদলের হামলায় ২ জামায়াত নেতাসহ এক সাংবাদিক আহত

বাংলা টিভি ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে একটি পোস্টকে কেন্দ্র করে ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর ২ নেতা-কর্মীসহ একজন সাংবাদিক আহত হয়েছেন বলে অভিযোগ করেছে দলটি।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল প্রায় ৫টার দিকে আড়াইহাজার পৌরসভার ধানসিঁড়ি কম্পিউটার অ্যান্ড ফটোকপি দোকানে এ ঘটনা ঘটে।
পরে জামায়াতের নেতারা এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে বলেন, পৌরসভা যুবদল নেতা আলী আকবরের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল দোকানে এসে প্রথমে জামায়াতে ইসলামীর রুকন কামরুল হাসান মঞ্জুর ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় কামরুল হাসান মঞ্জুকে রক্ষা করতে গেলে তার সন্তানকেও মারধর করা হয়। পরে তারা বাজারে ঘুরে ঘুরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের খুঁজে খুঁজে হামলা করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে আড়াইহাজার পৌর জামায়াতের সভাপতি নুরুল আমিন বাধা দেন। এ সময় স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক বশির আহমেদও ঘটনাস্থলে উপস্থিত সংবাদ সংগ্রহ করতে গেলে তাকেও এলোপাতাড়ি কিল-ঘুষি ও দেশীয় অস্ত্র নিয়ে এসে মারধর করা হয়। এ ঘটনায় বশির আহমেদ গুরুতর আহত হন। এছাড়া নুরুল আমিন ও কামরুল হাসান মঞ্জুও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সাংবাদিক বশির চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা সাময়িক চিকিৎসা নিয়ে বের হয়ে যায়।
সংবাদ সম্মেলনে সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা ইলিয়াস মোল্লা বলেন, বিএনপি মূলত আমাদের মিছিল ও সমাবেশ বানচাল করার উদ্দেশে এ হামলা করেছে। তারা দেশের ভালো চায় না। আমরা তাৎক্ষণিক প্রশাসনকে জানিয়েছি। আমরা এ ব্যাপারে সরকার ও প্রশাসনের কাছে উপযুক্ত বিচার চায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আড়াইহাজার উপজেলা দক্ষিণের আমির মাওলানা হাদিউল ইসলাম, সেক্রেটারি জনাব তৌফিকুল ইসলাম, আড়াইহাজার উপজেলা উত্তর জামায়াতের আমির মাওলানা মনিরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মী।
অভিযোগ রয়েছে, হামলাকারীদের মধ্যে সরকারি সফর আলী কলেজ ছাত্রদলের নেতা আরাফাত সানি এবং আড়াইহাজার কলেজ শাখা ছাত্রদলের সভাপতিসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
এ বিষয়ে আআড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ মেম্বার মুঠোঠোনে বলেন, এ বিষয়ে আমি কিছু শুনি নাই। আপনার কাছ থেকেই শুনলাম। তবে জামায়াত সব সময় মিথ্যা কথা বলে। তাদের জন্মই হয়েছে মিথ্যার ওপর দিয়ে। জামায়াতের কোনো কথা আমার বিশ্বাস হয় না। তারা শুধু শুধু আমাদের ওপর মিথ্যা গল্প-কাহিনী রটাচ্ছে।
ঘটনার বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



