আখাউড়ায় লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন

আখাউড়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। ঐক্যবদ্ধ আখাউড়ার আয়োজনে শনিবার (০১ আগস্ট) সকালে পৌর শহরের সড়ক বাজারে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন থেকে বিদ্যুৎ সমস্যার সমাধান করার জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। নয়তো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয়।
মাওলানা ইয়াকুব আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- যুবদল নেতা মোবাশ্বের আহমেদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান খান সানি, ঐক্যবদ্ধ আখাউড়ার আহ্বায়ক আমজাদ ভূঁইয়া, জাতীয় পার্টির নেতা জেনহারুল ইসলাম লিটন, যুব সংগঠক রোবায়েদ খান, মো. রাফি আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকলে জনগণের ভোগান্তি কোনোদিন শেষ থাকে না। ব্যবসা বাণিজ্যে ব্যাঘাত ঘটে। বিদ্যুতের লোডশেডিংয়ে আখাউড়াবাসী অতিষ্ঠ। আমরা আর লোডশেডিং চাই না, আখাউড়ার বিদ্যুতের ঘাটতি পূরণ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে হবে। অন্যথায় ৪৮ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান করা না হলে বিদ্যুৎ অফিস ঘেরাও করা হবে।



