বাংলাদেশ

র‌্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের ৩ বিচারক

বাংলা টিভি ডেস্ক: গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তের অংশ হিসেবে র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারকরা। শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর র‍্যাব-১ সদর দপ্তরে অবস্থিত ওই স্থাপনা পরিদর্শন করা হয়।

পরিদর্শনকারী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। তার সঙ্গে ছিলেন ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ সময় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার ও তাসমিরুল ইসলামও ছিলেন। পাশাপাশি আসামিপক্ষের আইনজীবীরাও পরিদর্শনে অংশ নেন।

জানা গেছে, গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কার্যক্রমের অংশ হিসেবেই টিএফআই সেল পরিদর্শনের এই উদ্যোগ নেওয়া হয়। এর আগে গত ২১ জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই পরিদর্শনের অনুমতি দেয়।

মামলার নথি অনুযায়ী, টিএফআই সেলকে কেন্দ্র করে দায়ের করা এই মামলায় মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন সেনা কর্মকর্তা বর্তমানে গ্রেফতার রয়েছেন। অভিযোগে বলা হয়েছে, সংশ্লিষ্ট সময়ে তারা র‍্যাবে দায়িত্ব পালন করছিলেন।

এ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, এম খুরশীদ হোসেন, মো. হারুন অর রশিদ এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মাদ খায়রুল ইসলাম। মামলার নথিতে তাদের পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button