বাংলাদেশ

৮ বছর বয়সেই কুরআনের হাফেজ আব্দুর রহমান

বাংলা টিভি ডেস্ক: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার আট বছর বয়সী শিশু আব্দুর রহমান এক বছরেরও কম সময়ে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্ত করে হাফেজ হওয়ার কৃতিত্ব অর্জন করেছে। তার এই সাফল্যে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

আব্দুর রহমান কমলনগর উপজেলার করুনানগর এলাকার কৃষক আবুল কালামের ছেলে। বর্তমানে সে হাজিরহাট আল ইহদা ইসলামিক ইন্সটিটিউটের হিফজ বিভাগের শিক্ষার্থী।

শিশু হাফেজ আব্দুর রহমান জানায়, তাকে হাফেজ বানানো ছিল তার বাবার দীর্ঘদিনের স্বপ্ন। সেই লক্ষ্যেই তাকে হিফজ বিভাগে ভর্তি করা হয়। নিজের আন্তরিক চেষ্টা ও শিক্ষকদের সহযোগিতায় সে অল্প সময়ের মধ্যেই কুরআন মুখস্ত সম্পন্ন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে একজন বড় আলেম হওয়ার ইচ্ছা প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছে সে।

পরিবার ও মাদ্রাসা সূত্রে জানা যায়, ২০২৬ সালের জানুয়ারিতে আব্দুর রহমান আল ইহদা ইসলামিক ইন্সটিটিউটের হিফজ বিভাগে ভর্তি হয়। এর আগে অন্য একটি মাদ্রাসায় প্রায় ছয় মাস অধ্যয়ন করে ১৫ পারা কুরআন মুখস্ত করেছিল। পরে নতুন মাদ্রাসায় ভর্তি হয়ে বাকি ১৫ পারা সম্পন্ন করে এক বছরেরও কম সময়ে হাফেজ হওয়ার গৌরব অর্জন করে।

আব্দুর রহমানের বাবা আবুল কালাম বলেন, তার দুই ছেলের দুজনকেই হাফেজ বানানোর ইচ্ছা ছিল। বড় ছেলে সাধারণ শিক্ষায় পড়াশোনা করলেও ছোট ছেলে সেই স্বপ্ন পূরণ করেছে। এতে তিনি অত্যন্ত আনন্দিত এবং আশা করেন, ছেলে ভবিষ্যতে একজন আদর্শ মানুষ ও ইসলামী জ্ঞানচর্চায় প্রতিষ্ঠিত আলেম হবে।

আল ইহদা ইসলামিক ইন্সটিটিউটের অধ্যক্ষ হাফেজ মাওলানা ফারহান সাকিব জায়েদ বলেন, এত অল্প বয়সে আব্দুর রহমানের হাফেজ হওয়া মাদ্রাসার জন্য গর্বের বিষয়। তিনি জানান, আব্দুর রহমান অত্যন্ত ভদ্র, নম্র ও পরিশ্রমী শিক্ষার্থী। আল্লাহ যেন তাকে কুরআনের আলোকে জীবন পরিচালনার তাওফিক দান করেন—এ দোয়া করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button