যমজ কনে, যমজ বর, যমজ পুরোহিত! সম্পন্ন হলো এক বিরল বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেরালায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন, যেখানে বিয়ের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন যমজ মানুষ। বর-কনে থেকে শুরু করে পুরোহিত, এমনকি বেদির সহকারীরাও ছিলেন যমজ—যা অতিথিদের জন্য হয়ে উঠেছে এক বিরল অভিজ্ঞতা।
গত ৩০ জুলাই কেরালার চঙ্গনাচেরির মেট্রোপলিটন চার্চে বিয়ের বন্ধনে আবদ্ধ হন আখিল কে থমাস ও ম্যাগি মেরি। অনুষ্ঠানে আখিলের যমজ ভাই নিখিল কে থমাস দাঁড়িয়েছিলেন ম্যাগির যমজ বোন মারিয়া মেরির পাশে। এতে পুরো আয়োজনেই সৃষ্টি হয় এক ভিন্ন আবহ।
এ আয়োজনের বিশেষত্ব আরও বাড়িয়ে দেন যমজ দুই পুরোহিত—ফাদার অ্যান্টো পেঝুমকাট্টিল ও ফাদার আজো পেঝুমকাট্টিল। বিয়ের ধর্মীয় আনুষ্ঠানিকতা পরিচালনার সময় তাদের সহযোগিতা করেন আরেক জোড়া যমজ কিশোর, জেরন জেমস ও জোহন জেমস।
জানা গেছে, আখিল ও নিখিল কেরালার চঙ্গনাচেরির ভেট্টুপারামবিল এলাকার বাসিন্দা কুঞ্জুমন থমাস ও জোমোল দম্পতির সন্তান। অন্যদিকে, ম্যাগি ও মারিয়া পাঠানমথিট্টা জেলার কুলাথুর এলাকার টমিচান ও মেরিকুটি দম্পতির যমজ কন্যা।
পরিবারের সদস্যরা জানান, বিয়ের অনুষ্ঠানে যমজদের উপস্থিতি ছিল পূর্বপরিকল্পিত। বিশেষ করে কনে ম্যাগি ও মারিয়া দীর্ঘদিন ধরেই চেয়েছিলেন, তাদের বিয়ে যমজ মানুষদের উপস্থিতিতে সম্পন্ন হোক। সেই ইচ্ছা পূরণে তারা কোঠানাল্লুরের একটি গির্জার সহায়তায় যমজ পুরোহিতদের খুঁজে পান এবং আমন্ত্রণ জানান। আমন্ত্রণ পাওয়ার পর পুরোহিতরাও আনন্দের সঙ্গে এতে অংশ নিতে সম্মতি দেন।
দুই বোন বলেন, শৈশব থেকেই তারা এমন একটি বিয়ের স্বপ্ন দেখতেন, যেখানে চারপাশে থাকবেন যমজ মানুষ। পরিবারের সমর্থনে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে বলে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিয়ে শেষে যমজ পুরোহিতরাও এই অভিজ্ঞতাকে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত বলে উল্লেখ করেন। তাদের ভাষায়, যমজ দুই মানুষের একসঙ্গে নতুন জীবনের সূচনা এবং সেই অনুষ্ঠানের অংশ হতে পারা সত্যিই বিশেষ অনুভূতির।
পেশাগত জীবনে বর আখিল ও নিখিল দুজনই মার্চেন্ট নেভিতে কর্মরত। অন্যদিকে, ম্যাগি ও মারিয়া তথ্যপ্রযুক্তি খাতে কাজ করছেন।
অনন্য এই আয়োজন শুধু ব্যতিক্রমী দৃশ্যের জন্যই নয়, বরং দুই পরিবারের বহুদিনের একটি স্বপ্ন বাস্তবায়নের গল্প হিসেবেও সবার মনে জায়গা করে নিয়েছে।



