বাংলাদেশ

‘ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী’

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে আগামী সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রায় ২৫টি শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে।

শনিবার (১ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, বাংলাদেশে ভবিষ্যতে মার্কিন বিনিয়োগ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান থেকে প্রায় ৪৫ জন ব্যবসায়ী নেতা ও ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ সফরে আসবেন। সফরকালে তারা বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি দপ্তর এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গেও তাদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে শনিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সাক্ষাতের বিষয়বস্তু তুলে ধরে মাহদী আমিন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছে এবং দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে ইতিবাচক মনোভাব জানিয়েছে।

তিনি জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। বিশেষ করে মার্কিন কোম্পানিগুলো কীভাবে বাংলাদেশে বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে—এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া দুই দেশের মধ্যে রপ্তানি-আমদানি বৃদ্ধি, বিনিয়োগবান্ধব নীতি সহায়তা এবং অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

মাহদী আমিন বলেন, বাংলাদেশ মার্কিন বিনিয়োগকারীসহ বিশ্বের সবার জন্য উন্মুক্ত। দেশের অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে সরকার আগ্রহী। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং এর মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে সরকার কাজ করছে এবং গণতান্ত্রিক ও অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদলের বৈঠকের কথাও জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এবং সহকারী প্রেস সচিব নাজমুল হক উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button