শিশু সন্তানকে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

বাংলা টিভি ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট স্টেশনে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিলুফা (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত নিলুফা দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের নজরুল ইসলাম রনির স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা হল্ট স্টেশনে খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আসার সময় নিলুফা চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত দর্শনা তরফদার ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় নিলুফার সঙ্গে থাকা প্রায় চার বছর বয়সী একটি শিশু অক্ষত ছিল। বর্তমানে শিশুটিকে রেলওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
দর্শনা রেলওয়ে জিআরপি পুলিশের এসআই রফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। নিহতের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।



