বাংলাদেশ

হত্যার পর লাশ ঘরে দিয়ে গেল খুনি!

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলায় গাছ থেকে কলা চুরির প্রতিবাদ করায় মোহাম্মদ তোহা (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়িতে রেখে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে।

শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজির পাড়া নতুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ তোহা ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে। তিনি পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন।

এ ঘটনায় মোহাম্মদ আনোয়ার নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। তিনি একই এলাকার এজাহার মিয়ার ছেলে।

নিহতের ভাগ্নে শওকত মোরশেদ অভিযোগ করেন, শুক্রবার রাতে আনোয়ার ও বাবুল নামে দুই ব্যক্তি গাছ থেকে কলার ছড়া কাটছিলেন। বিষয়টি দেখে ফেলায় তাদের সঙ্গে প্রতিবাদ ও বাকবিতণ্ডা হয়। পরে তিনি বিষয়টি তার মামা তোহাকে জানালে তিনি ঘটনাস্থলে যান।

শওকতের দাবি, সেখানে চুরির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা টর্চলাইট দিয়ে তোহার ওপর হামলা চালান এবং মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পরে অভিযুক্ত আনোয়ারসহ কয়েকজন তোহার মরদেহ বাড়িতে রেখে যাওয়ার পর পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা আনোয়ারকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ঘটনায় জড়িত অন্যরা পালিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছে। শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button