স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উলুপাড়া গ্রামে স্ত্রীর কবর খননের সময় প্রায় ২৪ বছর আগে দাফন করা স্বামী রমজান আলীর মরদেহ অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
গত শুক্রবার (৩১ জুলাই) উত্তরহাওলা ইউনিয়নের উলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন রমজান আলীর স্ত্রী মারা যান। পরে তার দাফনের জন্য স্বামীর কবরের পাশে নতুন কবর খনন করা হচ্ছিল। এ সময় কবর খননকারীরা রমজান আলীর মরদেহ কাফনের কাপড়সহ আগের অবস্থায় দেখতে পান বলে দাবি করেন।
ঘটনাটি ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ কবরস্থানে ভিড় করেন। উপস্থিত কয়েকজনের ভাষ্য, মরদেহটি দীর্ঘ সময় পরও কাফনের কাপড়সহ অক্ষত অবস্থায় ছিল।
স্থানীয়রা জানান, প্রায় ২৪ বছর আগে রমজান আলীর মৃত্যু হয়েছিল। জীবদ্দশায় তিনি ধার্মিক, সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তিনি নিয়মিত নামাজ আদায় করতেন এবং হাটবাজারে চাল-আটার ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন।
উলুপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তার ভাষ্য অনুযায়ী, কবরের ভেতরে কাফনে মোড়ানো মরদেহ দেখতে পান। পরে মরদেহটি আগের অবস্থাতেই রেখে পাশে তার স্ত্রীর দাফনের ব্যবস্থা করা হয়।
উত্তরহাওলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম মিন্টু বলেন, কোনো মুসলমানের মরদেহ অক্ষত পাওয়া গেলে তার ব্যাপারে ভালো ধারণা রাখা উচিত। তবে এ বিষয়ে শরিয়তসম্মত ও বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকলে সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। তিনি বলেন, এ ধরনের বিষয় নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়।
তবে দীর্ঘ সময় পরও মরদেহ অক্ষত থাকার দাবির বিষয়ে কোনো সরকারি কর্তৃপক্ষ বা বিশেষজ্ঞের ব্যাখ্যা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



