
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পর্নোগ্রাফি তৈরি ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের মামুনী আক্তার (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজীপাড়া এলাকার রাকিবুল হাসান রাকিব (৩০), সাদুল্লাপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রেজিনা খাতুন সাথী (২৮) এবং সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামের মামুন অর রশিদ (৩০)।
পুলিশ জানায়, এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা এবং তাদের কয়েকজন সহযোগী দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়া এলাকায় ভাড়া নেওয়া একটি বাসা থেকে পর্নোগ্রাফি তৈরি, অনলাইনে প্রচার এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাসায় অভিযান চালায়। এ সময় পর্নোগ্রাফি তৈরিতে ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আসহান হাবীব সরকার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, জব্দ করা আলামত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তের কাজও চলছে।



