বাংলাদেশ

কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ইয়াবাসহ স্বামী আটক

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ রেজাউল করিম (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার কাছে হস্তান্তর করা হয়।

আটক রেজাউল করিম গাজীপুরের শ্রীপুর উপজেলার বেলতলী গ্রামের মৃত নজরুল ইসলাম নজুর ছেলে।

কারাগার ও পুলিশ সূত্র জানায়, রোববার সকালে বন্দী আফরোজা আক্তারের সঙ্গে সাক্ষাৎ করতে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের রিসেপশন (আরপি) চেকপোস্টে আসেন রেজাউল করিম। নিয়মিত তল্লাশির সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে দায়িত্বরত কারারক্ষীরা আরও বিস্তারিতভাবে দেহ তল্লাশি চালান। এ সময় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ইয়াবা উদ্ধারের পরই তাকে আটক করে কোনাবাড়ী থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হামিদুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button