স্ত্রীর স্বীকৃতি দাবিতে বিষের বোতল হাতে স্বামীর বাড়িতে তরুণীর অনশন

বাংলা টিভি ডেস্ক: নড়াইলের লোহাগড়ায় বিয়ের স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়ির সামনে বিষের বোতল হাতে অনশনে বসেছেন এক তরুণী। এ ঘটনার পর অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে চলে গেছেন বলে জানা গেছে।
রোববার (২ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার চাচই গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
অনশনরত তরুণী নাজমিন নাহার প্রেমা (১৮) উপজেলার আড়পাড়া গ্রামের নাজমুল শিকদারের মেয়ে। অভিযুক্ত সৈয়দ ফেরদৌস আলী (২১) চাচই পশ্চিমপাড়া গ্রামের সৈয়দ আসাদুজ্জামানের ছেলে।
প্রেমার অভিযোগ, প্রায় দুই বছর আগে ফেরদৌস আলীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চলতি বছরের ৯ এপ্রিল দুজনের সম্মতিতে নড়াইলে নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহের অঙ্গীকারনামা সম্পন্ন করেন তারা। এরপর বিভিন্ন সময়ে ফেরদৌস তাকে অন্যত্র নিয়ে গিয়ে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করেন। তবে দুই মাস পর থেকে ফেরদৌস তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান বলে দাবি করেন তিনি।
এরপর স্বীকৃতির দাবিতে রোববার সকালে ফেরদৌসের বাড়ির সামনে অবস্থান নেন প্রেমা। এ সময় তার হাতে একটি বিষের বোতল ছিল। তিনি জানান, স্ত্রী হিসেবে স্বীকৃতি না পেলে আত্মহত্যার পথ বেছে নেবেন।
ঘটনার পর ফেরদৌস আলী ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে অন্যত্র চলে যান। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, অনশনের বিষয়টি তার জানা নেই। তবে কেউ লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



