ময়লার ঝুড়িতে মিলল স্বর্ণ-টাকা, ফিরিয়ে দিয়ে সংবর্ধনা পেলেন স্টুয়ার্ড গার্ড

বাংলা টিভি ডেস্ক: ট্রেনের ময়লার ঝুড়ি থেকে পাওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মহানগর গোধূলি ট্রেনের স্টুয়ার্ড গার্ড মো. মোশারফ হোসেন। তার এই মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ফুলেল শুভেচ্ছা জানান মোশারফ হোসেনকে। এ সময় তাকে নগদ অর্থ উপহার দিয়ে সমাজে সততার দৃষ্টান্ত স্থাপনের জন্য ধন্যবাদ জানান তিনি।
মোশারফ হোসেন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলীর বাসিন্দা এবং বাংলাদেশ রেলওয়েতে স্টুয়ার্ড পদে কর্মরত।
গত ১৫ জুলাই মহানগর গোধূলি ট্রেনে দায়িত্ব পালনকালে নরসিংদী স্টেশনে একটি ময়লার ঝুড়ি পরিষ্কার করার সময় তিনি একটি জর্দার কৌটা দেখতে পান। কৌটাটি খুলে ভেতরে প্রায় দেড় ভরি ওজনের একটি স্বর্ণের চেইন এবং নগদ দুই হাজার টাকা পান।
উদ্ধার করা মূল্যবান জিনিস নিজের কাছে না রেখে তিনি প্রকৃত মালিকের সন্ধান শুরু করেন। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে ভৈরব বাজার জংশন স্টেশনে স্বর্ণালংকার ও নগদ অর্থ মালিকের কাছে বুঝিয়ে দেন।
ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তার সততা ব্যাপক প্রশংসা পায়। এরই ধারাবাহিকতায় জেলা পরিষদের পক্ষ থেকে তাকে সম্মাননা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম বলেন, বর্তমান সময়ে এমন সৎ ও দায়িত্বশীল মানুষের সংখ্যা খুবই কম। মোশারফ হোসেন তার সততার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার সুনাম বৃদ্ধি করেছেন।
সম্মাননা পেয়ে মোশারফ হোসেন বলেন, তিনি কেবল নিজের দায়িত্ব পালন করেছেন। এই স্বীকৃতি ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে তাকে আরও উৎসাহিত করবে।



