‘নারীদের স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না’

আন্তর্জাতিক ডেস্ক: স্বেচ্ছায় ইসলাম গ্রহণ, নিজেদের পছন্দমতো জীবনসঙ্গী নির্বাচন কিংবা নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে কোনো প্রাপ্তবয়স্ক নারীর স্বাধীনতায় বাধা দেওয়ার অধিকার কারও নেই। সম্প্রতি ভারতের এলাহাবাদ হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে এই রায় দিয়েছেন ।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, দিব্যা ভাটিয়া (বর্তমানে জোয়া দিয়া ভাটিয়া) এবং অংশু ভাটিয়া (আমিনা অংশু ভাটিয়া) নামের দুই বোন একটি হেবিয়াস কর্পাস আবেদন দায়ের করেন। তাদের অভিযোগ ছিল, হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ এবং পছন্দের মানুষকে বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় তাদের বাবা স্থানীয় পুলিশের সহায়তায় তাদের জোরপূর্বক আটকে রেখেছেন।
মামলার শুনানিতে বিচারপতি সন্দীপ জৈন স্পষ্টভাবে জানান যে, দুই নারীই প্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের ধর্ম, জীবনসঙ্গী এবং ভবিষ্যৎ নির্ধারণের পূর্ণ আইনি অধিকার রয়েছে। এই ব্যক্তিগত সিদ্ধান্তে পরিবার বা অন্য কারও হস্তক্ষেপ সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার ও ব্যক্তিস্বাধীনতার পরিপন্থী।
আদালত আরও জানান, এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—উভয় নারী স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন কি না এবং তারা কোনো ধরনের বেআইনি চাপ বা আটকের শিকার হয়েছেন কি না, তা নিশ্চিত করা।
বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য আগামী ৬ আগস্ট দুই বোনকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। সেদিন আদালত সরাসরি তাদের কথা শুনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। নির্ধারিত দিনে তাদের হাজির করা সম্ভব না হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ব্যক্তিগত হলফনামা দিয়ে এর কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর প্রদেশ সরকারের দায়িত্বশীল কর্মকর্তা ও দুই বোনের বাবাকেও আদালতে তলব করা হয়েছে।



