আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলা টিভি ডেস্ক: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। একই অনুষ্ঠানে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিতব্য আরও সাতটি শাখার ভিত্তিপ্রস্তরও উন্মোচন করা হয়।
সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, সময়ের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক গড়ে তোলার লক্ষ্যেই এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি জানান, ইনস্টিটিউটটিতে কেমব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্ব দিয়ে আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয় ঘটানো হবে।
অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



