বাংলাদেশ

বরিশালের বাকেরগঞ্জে বোমাসদৃশ্য বস্তু বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৩

বাকেরগঞ্জ, বরিশাল প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভারপাশা ইউনিয়নের উত্তর দুধলমৌ গ্রামে বোমাসদৃশ একটি বস্তু বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। সোমবার (৩ আগস্ট) ভোরে শাহ আলম হাওলাদারের বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পেছনে কাঠবাদাম সংগ্রহের সময় বালুভর্তি একটি বস্তায় নড়াচড়া লাগলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে থাকা হনুফা বেগম (৫০), ইতি আক্তার (১৮) ও ফাহিম খান (১৫) দগ্ধ হন। বিস্ফোরণের পর আগুনে তাদের পোশাকে আগুন ধরে গেলে পাশের নদীতে ঝাঁপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তারা।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বোমাসদৃশ বস্তুটি সেখানে কীভাবে এল বা কারা রেখে গেছে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় থানা পুলিশ, র‌্যাব, ডিবি, সিআইডি এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন এবং তদন্ত শুরু করেন।

সহকারী পুলিশ সুপার আলাউল হাসান বলেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্তের মাধ্যমে বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। এটি কী ধরনের বিস্ফোরক ছিল, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। ঢাকার বোমা নিষ্ক্রিয়করণ ও বিস্ফোরক বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর বিষয়টি স্পষ্ট হবে।

এদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দা ধারণা প্রকাশ করেছেন যে, ৫ আগস্টকে সামনে রেখে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং আইনশৃঙ্খলা বাহিনীও এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button